ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবক। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান।
সিভিল সার্জন জানান, গত ১১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের ২২ বছরের যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছিলো। পরে ১৭ এপ্রিল আবারো আক্রান্ত যুবকের নমুনা পুনোরায় সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরীক্ষা-নীরিক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এজন্য বুধবার ওই যুবককে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়। তবে তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব।
তিনি আরো বলেন, সুস্থ ওই যুবকের ৩য় বারের মতো নমুনা সংগ্রহ করে আজ রংপুরে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের পরিবারের ৫জন সদস্যদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
উল্লেখ্য: ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে ৭জন আক্রান্ত হয়েছে, এরমধ্যে একজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলা থেকে ৪৫৮জনের নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরণ করা হয়েছে এবং ২৭৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।
ইত্তেফাক/আরকেজি
