স্কপাস জরিপ : ২০১৯ এ বাংলাদেশে প্রথম রাবি ২০২০ এ ষষ্ঠ!

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২২:১৬

বিজ্ঞান গবেষণার ভিত্তিতে করা সিমাগো-স্কপাসের ২০২০ সালের জড়িপে ইনস্টিটিউশনস র‌্যাংকিয়ে জায়গা পেয়েছে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়। এর ১৪টি স্বায়ত্তশাসিত ও সরকারি এবং ৫টি বেসরকারি। দেশের স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০১৯ এ প্রথম রাজশাহী বিশ^বিদ্যালয় ২০২০ এ জায়গা পেয়েছে ষষ্ঠ অবস্থানে। এ বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৭৬৬তম। 

জানা গেছে, গবেষণা ও উদ্ভাবন এবং প্রভাব তিনটি বিষয়কে ভিত্তি করে বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাংকিং প্রকাশ করে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। সম্প্রতি সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিংস (এসআইআর) ২০২০ সালের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এসআইআর তথ্যে দেখা যায়, ২০২০ সালে বিশ্বের ৭ হাজার ২৬টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। এরমধ্যে বাংলাদেশে প্রথম টাঙ্গাইলের ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৬৯০তম। দ্বিতীয় ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৬৯৯তম। তৃতীয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৭৩৩তম। চতুর্থ ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৭৫৪তম। পঞ্চম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৭৬১তম। ষষ্ঠ ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৭৬৬তম। সপ্তম ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে’র বৈশি^ক অবস্থান ৭৭৮তম। অষ্টম ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)’ বৈশ্বিক অবস্থান ৭৯৩তম। নবম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৭৯৯তম। দশম ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র বৈশ্বিক অবস্থান ৮০৪তম।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়েছে। জরিপের ক্ষেত্রে আটটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আউটপুট বা প্রতিষ্ঠান থেকে বের হওয়া প্রকাশনার সংখ্যা, প্রকাশনার গুণগত মান, স্পেশালাইজেশন ইনডেক্স বা প্রকাশনার ওপর মনোযোগ, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, এক্সিলেন্স হার বা প্রকাশনাগুলো শীর্ষ ১০ শতাংশ জার্নালে কী হারে প্রকাশিত হয়েছে তা, সায়েন্টিফিক লিডারশিপ বা প্রকাশনাগুলোর অবদান। এছাড়া এক্সিলেন্স উইথ লিডারশিপ প্রকাশিত প্রকাশনাগুলো ওই প্রতিষ্ঠানের অবদানের ক্ষেত্রে কী হারে শীর্ষে রয়েছে, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

ইত্তেফাক/এসি