স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানুষের সচেতনতার অভাবে এখনো সামাজিক দূরত্ব কোথাও কোথাও নিশ্চিত হচ্ছে না। তবে বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। তবে সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে। করোনা পরিস্থিতি দীর্ঘ এবং আরো ভয়াবহ হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোন ঘাটতি হবে না। পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে।
তিনি বৃহস্পতিবার লাকসাম ও মনোহরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দ্রুতই আমরা করোনা মোকাবেলায় সফল হব ইনশাল্লাহ।
মন্ত্রী বলেন, কৃষকের মাঠের ধান কাটতে সকলকে সহযোগীতা করা উচিত। মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাজের উৎসাহ দিতেই আমি নিজ নির্বাচনি এলাকায় এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বিকেলে লাকসাম পৌর শহরস্থ তার বাসভবনে মতবিনিময়কালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলরসহ দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে স্ব স্ব অবস্থানে থেকে সর্বোচ্চ সেবা দানে নিরলসভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবদুল আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, পিআইও দেবেশ চন্দ্র দাস, ডাঃ আবদুল মতিন, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর খলিলুর রহমান, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।
