বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর আদাবরে কয়েকটি এমব্রয়ডারি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শুক্রবার সকালে তারা আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
এ বিক্ষোভ শুরু হলে স্থানীয় এমব্রয়ডারি প্রতিষ্ঠান সিয়াব এমব্রয়ডারি, রত্মা এমব্রয়ডারি, সোহেল এমব্রয়ডারি, মায়া এমব্রয়ডারি ও মাইলস্টোন এমব্রয়ডারির কয়েকশ’ শ্রমিক বিক্ষোভে যোগ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদাবরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি এমব্রয়ডারি (কাপড়ে নকশা করা) কারখানা রয়েছে। সেগুলোতে কাজ করা শতাধিক শ্রমিক সকাল ১১টার দিকে আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা নানা ধরনের স্লোগান দেন।
শ্রমিকরা জানান, করোনার দুর্যোগ শুরুর আগে থেকেই তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। কোনো কারখানায় দুই মাস, আবার কোনোটিতে চার মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। নিরুপায় হয়ে তারা লকডাউনের মধ্যেই রাস্তায় নেমেছেন।
আবদুল জলিল নামে এক বিক্ষোভকারী জানান, মালিককে বারবার বলার পরও তাদের বেতন দেওয়া হচ্ছে না। চার মাস ধরে বেতন না পেয়ে তাদের না খেয়ে মরার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এক মাস ধরে সব কিছু বন্ধ থাকায় সংকট চরমে। তারা কোনো সরকারি সাহায্যও পাননি।
আরো পড়ুন : সোবহানবাগে ১৪ দলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
আদাবর থানা ওসি মো. শহীদুজ্জামান জানান, আদাবর এলাকায় প্রায় দেড় শতাধিক পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে শ্যামলী রিংরোডে ধরে এসে থানার সামনে অবস্থান নেন। প্রথমে পুলিশ ও পরে কারখানার কয়েক কর্মকর্তা গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন। দুপুরে বৃষ্টির কারণে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে ফিরে যান।
ইত্তেফাক/ইউবি
