কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে চবি ছাত্রলীগ

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:১৬

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী  জোবরা গ্রামের ২ জন কৃষকের ধান কেটে দেন তারা। এ কার্যক্রমে প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় দৈনিক ইত্তেফাককে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি। কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এই ধানকাটার কর্মসূচি চলছে। যেহেতু আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া আছে কৃষকদের সহায়তা করার তাই আমরা সেই নির্দেশনা মোতাবেক মাঠে নেমে পড়ি।’

তিনি বলেন, ‘কৃষক আমিনুল ও তাজউদ্দিন ধান কাটার শ্রমিক পাচ্ছেন না, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা উনার জমিতে গিয়ে ধান কেটে দিয়েছি। এবং উনাদের বাড়ি পৌঁছে দিয়েছি। এতে করে কৃষক আমিনুল ও তাজউদ্দিন খুবই খুশি হয়েছেন।’

ইত্তেফাক/বিএএফ