লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা বটতলা এলাকার যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে অভিযুক্ত স্বামী সাবেক বিজিবি’র সদস্য আব্দুর রাজ্জাক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের তালুক খুটামারা বটতলা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে (সাবেক বিজিবি সদস্য) আব্দুর রাজ্জাক খোকন (৫০) এর সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় একই এলাকার বানভাসা মোড়ের আব্দুস সামাদের মেয়ে লাকী বেগমের (২৭)। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য লাকীর উপর শারীরিক নির্যাতন চালাতেন খোকন।
আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের করোনা 'জয়'
গত ২২ এপ্রিল যৌতুকের জন্য লাকীকে মারধরের এক পর্যায়ে তার শরীরে আগুন লাগিয়ে দেন খোকন। গুরুত্বর আহত অবস্থায় দগ্ধ লাকীকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কর্তৃপক্ষ ঢকায় নিয়ে যেতে বলেন। পরিবারের লোকজন করোনা ভাইরাস এর অজুহাত দিয়ে ঢাকায় না নিয়ে ২৫ এপ্রিল বিকেলে নিজ বাড়িতে নিয়ে আসে লাকীকে। পরে সেইদিন নিজ বাড়িতের লাকী মারা যান।
রবিবার গভীর রাতে নিহতের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যৌতুকের কারণে লাকীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে মর্মে আব্দুর রাজ্জাক খোকনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, মৃত্যুর খবর পেয়ে ঐ রাতেই লালমনিরহাট সদর থানা পুলিশ স্বামী খোকনকে গ্রেফতার করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
ইত্তেফাক/ এমএএম
