বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলা রক্ষায় ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নেওয়ার ও নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। সম্প্রতি ব্রিটিশ অর্থমন্ত্রী এবং ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রীকে লেখা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে তিনি লেখেন, ‘অনেক বহুজাতিক পশ্চিমা প্রতিষ্ঠান বাণিজ্যিক চুক্তি বাতিল করায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশের পোশাক শিল্প খাতে ৩৭০ কোটি ডলারের অর্ডার বাতিল হয়েছে। এর মধ্যে প্রায় ২৪০ কোটি পাউন্ডের বাণিজ্যিক চুক্তি ছিল যুক্তরাজ্যভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো চুক্তি বাতিল করায় বাংলাদেশের প্রায় ১০ লাখ গার্মেন্টস শ্রমিক হয় চাকরি হারিয়েছেন অথবা বেতন পাননি।’
আরও পড়ুন: শিল্প খাতে প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড়ে বিলম্ব
তিনি আরো বলেন, চীনের পর বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্ পোশাক উত্পাদনকারী দেশ। এই সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়লে করোনা ভাইরাসের মহামারির এ সময়ে বিশ্বে পিপিই উত্পাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ অবস্থায় বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ ও শৃঙ্খলা নিশ্চিত করতে যুক্তরাজ্যকে নেতৃস্থানীয় ভূমিকা নিতে হবে। ব্রিটিশ পার্লামেন্টের এই এমপি আরো বলেন, যে সব ব্রিটিশ কোম্পানি কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা তাদের সরবরাহকারীদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে। করোনা মহামারির কারণে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর পরিস্থিতি সবচেয়ে খারাপ।
ইত্তেফাক/এসি
