সারাদেশে নদীভাঙ্গণে ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ কাজ অব্যাহত থাকবে: পানি সম্পদ উপমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৪২

আসন্ন বর্ষার প্রস্তুতিতে সারাদেশে নদীভাঙ্গনে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ ও বাঁধ পুনঃরক্ষার কাজ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বুধবার (২৯ এপ্রিল) সকালে শরীয়তপুরের নড়িয়ার নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) মো. হাবীবুর রহমান,  চীফ মনিটরিং তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী শামীম বলেন, নিকটবর্তী সময়ে বন্যা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। করোনা সঙ্কটে সাময়িকভাবে মাঠ পর্যায়ের কাজ স্থগিত থাকলেও বর্ষা সমাগত হওয়ায় এখন দেশের চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভাঙ্গণপ্রবণ এলাকাতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কনট্রাক্টরদের সাথে সমন্বয় করে কাজ অব্যাহত রাখতে হবে। সকলের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, জীবাণুনাশক নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখতে হবে।

মাঠ পর্যায়ে বাপাউবো'র কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বলেন, বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই লড়ছি। কাজেই আমাদের আতঙ্কিত না হয়ে নিজে ও অধস্তন সকলকে সচেতনতা অবলম্বন করে কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনে শ্রমিকদের স্থানীয় ত্রাণ কার্যক্রমের আওতায় আনা যায় কিনা তা বিবেচনা করা যেতে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল মন্ত্রণালয়ে আসন্ন বর্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় করণীয় সম্পর্কে আলোচনা সভা করেন পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম ও পানি সচিব কবির বিন আনোয়ারের উপস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং মাঠ পর্যায়ে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও প্রণোদনার মাধ্যমে কাজে উৎসাহিত করার বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

ইত্তেফাক/আরএ