পোশাক পণ্যের অর্ডার বাতিল না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৭:৪৫

নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সিগ্রিড কাগের কাছে বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  বুধবার ডাচ মন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই অনুরোধ করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাচ মন্ত্রী কাগ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে কোভিড-১৯ সংকট ও এর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করার জন্য টেলিফোন করেছিলেন। আলাপকালে ড. মোমেন বলেন, কোভিড-১৯  এর কারণে ইউরোপীয় ক্রেতারা বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করছেন। ইউরোপীয় ক্রেতারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে ৩১৮ কোটি মার্কিন ডলার মূল্যের পোশাক শিল্প পণ্যের অর্ডার বাতিল করেছেন। ফলে হলে বিপুল সংখ্যক পোশাক কারখানার কর্মীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি এই অর্ডার বাতিল না করার জন্য অনুরোধ জানান। ডাচ মন্ত্রী এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে আশ্বস্ত করেন। 

আরো পড়ুন : মনে আশা জাগায় এমন খবর প্রকাশ করুন: তথ্যমন্ত্রী

টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাগরে ভেসে থাকা ৫০০ জন রোহিঙ্গার বিষয়ে ডাচ মন্ত্রীকে ব্যাখ্যা দেন। ড. মোমেন বলেন, সাগরে ভেসে থাকা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমার মধ্যে নেই। সমুদ্র আইন অনুযায়ী এ রোহিঙ্গাদের নেওয়ার দায় আশপাশের দেশগুলোর। এ সময় রোহিঙ্গাদের সহায়তার জন্য ড. মোমেন ডাচ মন্ত্রীকে ধন্যবাদ জানান।


ইত্তেফাক/ইউবি