কুমিল্লায় করোনায় হোমিও চিকিৎসকের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:০২

কুমিল্লায় নতুন করে আরও ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এদের মধ্যে জেলার দেবিদ্বারে ৬জন এবং একজন করে ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দাউদকান্দি উপজেলায় শনাক্ত হয়েছেন। দেবিদ্বারে করোনায় আক্রান্ত ৬জনের মধ্যে সুকুমার চন্দ্র দে নামের একজন হোমিও চিকিৎসক বৃহস্পতিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ নিয়ে এ জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন। আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯জন। এ পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৯৪ জনের এবং বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ১ হাজার ৪৯৩ জনের। এদিকে বৃহস্পতিবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, এ উপজেলায় নতুন শনাক্ত হওয়া ৬জনের মধ্যে সুকুমার নামের একজন হোমিও চিকিৎসক বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের নিজ বাসায় মারা গেছেন।

এর আগে বুধবার তার হোমিও হলটি লকডাউন করা হয়ে ছিল। তিনি সকালে মারা যাওয়ার পর তার বাসাসহ আশপাশের কয়েকটি বাসা ও দোকান লকডাউন করা হয়। তিনি ছাড়াও নতুন করে এ উপজেলার বাগুর এলাকার আরও চারজন এবং নবিয়াবাদ এলাকার আরও একজন আক্রান্ত হওয়ার কারণে আক্রান্তদের ঘর-বাড়ি বিকালের দিকে লকডাউন করা হয়েছে। দেবিদ্বার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিব হাসান জানান, বর্তমানে এ উপজেলায় ১৪জন করোনা পজেটিভ রোগী রয়েছেন।

এদের মধ্যে ১৩জনই বড়কামতা ইউনিয়নের নবীয়াবাদ ও বাগুর এলাকার। এছাড়া এরই মধ্যে ওই এলাকার বাসিন্দা জীবনকৃষ্ণ সাহা ও শাহ জালাল মেম্বার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই উপজেলার মধ্যে ওই এলাকাটিকে হট স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানকার লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের ঘর বাড়ি লকডাউন করার পাশাপাশি লোকজনকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের পরিবারে জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা অব্যাহত আছে।

ইত্তেফাক/আরকেজি