করোনায় ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেবে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ও নগদ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:৪২

করোনায় প্রান্তিক কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কৃষকদের জন্য আর্থিক সহায়তা করার জন্য এগিয়ে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও ডিজিটাল আর্থিক পরিসেবা কোম্পানি নগদ। এ দুই কোম্পানি মিলে ‘আমরা করব জয়’ নামে একটি প্লাটফর্ম তৈরি করেছে। এ প্লাটফর্মের মাধ্যমেই প্রান্তিক কৃষকদের সহায়তা করা হবে। বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা।

সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী, নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভির এ মিশুক, নগদের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ আমিনুল হক, গ্রীন ডেল্টার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, কৃষি দেশের জীবনীশক্তি। দেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যেখানে দেশের প্রায় সাড়ে সাত থেকে আট কোটি মানুষ নিযুক্ত এবং তারা সম্মিলিতভাবে আমাদের জিডিপিতে প্রায় ১৪ দশমিক ২৫ শতাংশ অবদান রাখে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত লোকদের একটি বড় অংশ দেশের কৃষক সমাজ।

আরো পড়ুন: ওসমানীনগরে প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সবসময় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে আসছে এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা আগ্রহী। একইসঙ্গে নগদ প্রান্তিক ও আর্থিক সেবা বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিকখাতে অন্তর্ভুক্ত করার কাজ করে। একারণেই দুই কোম্পানি মিলে কৃষককে সহায়তা করতে এগিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এজন্য নিজেদের কোম্পানি থেকে দেওয়া অর্থের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সহযোগিতা নেবে।

আগামী ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত তহবিল সংগ্রহ করা হবে। তহবিল সংগ্রহের জন্য ডিজিটাল প্লাটফর্মের সব মাধ্যম ব্যবহার করা হবে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সহায়ক সংস্থাগুলো ইতিমধ্যে এই প্লাটফর্মে এক দিনের বেতনের সমপরিমাণ দান করেছে। আমরা করব জয় ডট নেটে নামের ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা তহবিল সংগ্রহ করা হবে। পরে কৃষকদের মাঝে তা বন্টন করা হবে। কতজন কৃষকের মাঝে বিতরণ করা হবে সেটি নির্ভর করছে কত টাকা উঠবে তার উপর। এজন্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তারা।

ইত্তেফাক/এএএম