সুবিধাবঞ্চিতদের পাশে ‘জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ’

আপডেট : ০৩ মে ২০২০, ১৮:১৯

রাজধানীর ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলো “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপ। করোনার  এই বিপদকালে তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ঐ ফেসবুক গ্রুপটি। 

রাজধানী জুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি। রবিবার( ৩মে) রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার পৌঁছে দেয় সংগঠনটি। করোনার প্রকোপে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। দুর্ভোগ বেড়েছে নিম্নমধ্যবিত্ত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা। এমন পরিস্থিতিতে মানবিকতার তাগিদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ।

এ সময় তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সরলা বলেন, ‘আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ঘরের বাইরে যেতে পারছি না । আয় রোজগার না থাকায় কখনো কখনো না খেয়েই দিন পার করতে হচ্ছে। সমাজের বিত্তবান মানুষেরা যদি আমাদের প্রতি সদয় হন তাহলে আমাদের আর না খেয়ে মরতে হবে না ‘। তৃতীয় লিঙ্গের আরেক প্রতিনিধি কারিনা বলেন, ‘অনেক মানুষ ত্রাণ পেলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত থেকে যাই। করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যদি আমাদের সেবায় এগিয়ে আসে তাহলে দু বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকতে পারবো।’

 “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক সাংবাদিক বিপ্রজিৎ চন্দ জানান, প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে দেশে বেড়েছে খাদ্য সংকট। আমরা কজন বন্ধু মিলে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করি। দেশের এমন বিপদের মধ্যে যে সমস্ত অসহায় মানুষগুলো বাইরে বেরিয়ে কারো কাছে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। 

ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেবার এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান মানুষ, গণমাধ্যমকর্মীসহ, সরকারি কর্মকর্তারাসহ সব সামর্থবানরা এগিয়ে আসলে দেশের এই দুর্যোগকাল খুব সহজে অতিক্রম করা সম্ভব বলেও জানান তিনি। 

করোনা সংকট উত্তরণে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান “জীবন জীবনের জন্য” ফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক বিপ্রজিৎ চন্দ।

ইত্তেফাক/এসআই