করোনা রোগীদের পাশে থাকতে স্বেচ্ছাসেবীদের নিয়ে মাহবুবুর রহমান পলাশ

আপডেট : ০৪ মে ২০২০, ১৩:৪৮

প্রতিদিন বাংলাদেশে বাড়ছে করোনা রোগী। নতুন করে সংক্রামিত হওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগীদের ভিড়। আর এমন এক সময় করোনা রোগীদের পাশে থেকে সাহস যোগাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। 'অধিকার' নামে নিজ অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে যেখানে এরই মধ্যে যোগ দিয়েছেন ১০০ জনের বেশি।

এ প্রসঙ্গে মাহবুবুর রহমান পলাশ বলেন, 'বর্তমান সময়ে যে কোন করোনা রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আশাহত না হওয়া। তাদের পাশে সর্বদা কেউ থেকে সাহস যোগালে এই রোগীরা ডাক্তারদের সেবায় আরো দ্রুত সুস্থ হবে বলে আমি আশা করি। আর এর পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীর কাছে অনেক ক্ষেত্রে তার পরিবারের স্বজনরাও সহায়তার জন্য এগিয়ে আসছে না। এমন ক্ষেত্রে আমরা স্বেচ্ছাসেবীরা রোগীদের যে কোন প্রয়োজনে পাশে থাকব।'

এখন পর্যন্ত ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী নিয়ে কাজ শুরু করলেও ধীরে ধীরে দেশব্যাপী এই সহায়তা কার্যক্রম শুরুর কথা ভাবছেন তিনি। জানান, দেশের প্রথমসারির যোদ্ধা ডাক্তার ও নার্সদের সহায়ক হাত হিসেবে দেশজুড়ে কাজ করতে পারে এই স্বেচ্ছাসেবীরা। আর সে কারণেই এখানে স্বেচ্ছা সেবাদানে ইচ্ছুক সকলকে সারাদেশ থেকে নাম প্রদানের আহ্বান জানান তিনি। এই লক্ষ্যে একটি ফোন নম্বর দিয়ে তিনি জানান, যে কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে ০১৭৪০৯৯৯৮৮ নাম্বারে হোয়াটস অ্যাপস, ইমো বা ভাইবারে যোগাযোগের মাধ্যমে।

এই স্বেচ্ছাসেবীদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তারপর কাজে লাগানো যেতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইত্তেফাক/আরএ