করোনার সংক্রমণে পুরো বিশ্বের মতোই স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ। সংক্রমণ এড়াতে চলছে লকডাউন। বন্ধ ঘরের বাইরে বের হওয়া, অফিস-আদালত, এমনকি যোগাযোগ ব্যবস্থাও। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। এর ফলে প্রায় বন্ধ হয়ে গেছে মানুষের উপার্জনের পথ।
দেশের এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় তাদের জন্য সরকারের পাশাপাশি এগিয়ে আসছেন সমাজের সামর্থ্য বান মানুষরাও। তাদেরই একজন সংগীতশিল্পী শারমিন দিপু। দেশের এই দুর্যোগকালে তিনি এগিয়ে এসেছেন দুর্গত মানুষদের সাহায্যার্থে।
সম্প্রতি মনির হাওলাদার ও শারমিন দিপুর যৌথ প্রচেষ্টায় গাজীপুরে করোনাদুর্গত ২০০ পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শারমিনের গ্রামের বাড়ি ফরিদপুরে ৩০০ পরিবারের মধ্যেও এই জরুরি খাদ্যসামগ্রী দেওয়া হয়।
করোনাদুর্গতদের পাশে দাঁড়ানো নিয়ে শারমিন দিপু জানান, আমি চেষ্টা করেছি প্রতিটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন, চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, আটা, তেল, লবণ দিতে। একই সঙ্গে রমজান মাস উপলক্ষে এর সঙ্গে ইফতার সামগ্রী হিসেবে বুট ও খেজুর যোগ করেছি।
তিনি আরো জানান, দেশের করোনাদুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই আমার এই চেষ্টা। আশা করি ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো।
