করোনা আক্রান্ত এই সময়ে ঘরে সুরক্ষিত থাকার বার্তা দিচ্ছেন অনেকেই। সেই বার্তা দেওয়ার ধারাবাহিকতায় সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে উপস্থাপক-সংগীত পরিচালক তানভীর তারেক বিভিন্ন অঙ্গনের গুণী মানুষদের নিয়ে অনলাইন লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এই আয়োজনের নাম দিয়েছেন গৃহসন্ধি আড্ডা। এবারের আয়োজনে আজ রাত ১০টা থেকে সরাসরি থাকবেন বরেণ্য চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এবং চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
গৃহসন্ধির এই বিশেষ পর্ব প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এখন এই হোম কোয়ারেন্টাইনের সময়ে ফেসবুক ও ইউটিউব একটি বড় সংযোগ মাধ্যম। তাই তার এই গৃহসন্ধি আড্ডায় কিছু সময়োপযোগী কথা বলতে চাই। যা এ সময়ে জরুরি।’
উল্লেখ্য, এরই ভেতরে অনুষ্ঠানের ১৭টি পর্ব প্রচার হয়েছে। গৃহসন্ধি আড্ডার বিভিন্ন পর্বে মাসুম রেজা, অরুনা বিশ্বাস, শাকুর মজিদ, অমিতাভ রেজা চৌধুরী, অনিমেষ আইচ, চিত্রনায়িকা ববি, নিপুণ, তাসকিন রহমান, মিশা সওদাগর, ইমন, অভিনেতা জিয়াউল হক পলাশ, জোভান, মাবরুর রশীদ বান্নাহ, বাঁধন, সারিকা সাবাহ, দিঘী, কথাসাহিত্যিক সাদাত হোসাইন, লুত্ফর হাসান, জ্যোতিকা জ্যোতি, আফজাল হোসেন মুন্না, রুবেল, শানারেই দেবী শানু, তানভীর শাহিন, দেবাশীষ বিশ্বাস, আরজে নীরব, আরজে রাসেল, আরজে উদয় সৈকত সালাহউদ্দিন, জাহিদ আকবর, আরফিন রুমী, এ মিজান, পান্থ আফজাল, আরজে টুটুল, ইকবাল ফেরদৌস, মুরারী রক্ষিত থেকে শুরু করে সমাজের নানা অঙ্গনের গুণী মানুষ সরাসরি আড্ডায় সম্পৃক্ত হয়েছেন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত ১০,৬৩৩ জন
‘গৃহসন্ধি আড্ডা’ প্রতি সপ্তাহে একদিন বিরতি দিয়ে রাত ১০টা থেকে ১ ঘণ্টা তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচার হচ্ছে।
ইত্তেফাক/আরআই
