‘রোজার মাসে সহযোগিতা বাড়ানো নিয়ে সমিতির আলাদা পরিকল্পনা রয়েছে’

আপডেট : ০৫ মে ২০২০, ০৯:০০

করোনার এই সময়টা সব তারকার ঘরে বসেই সময় কাটছে। তবুও বিভিন্ন দায়িত্বের কারণে বের হতে হয় ঘর থেকেও। অনেকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা সমিতির মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে সহযোগিতা পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সমিতির মাধ্যমে শুরু থেকে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। এরমধ্যে রয়েছে শিল্পীদের সহযোগিতা করা এবং অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো। তিনি সব কার্যক্রম সমিতির মাধ্যমে চালাচ্ছেন।

মিশা সওদাগর বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কারও অজানা নয়। স্বাভাবিক সময়েই অনেকে অস্বচ্ছল জীবনযাপন করতেন। আর এমন সঙ্কটে তাদের সমস্যাটা আরও বেশি হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। সংগঠন ও ব্যক্তি দায়িত্ব থেকে আমরা অনেকে এগিয়ে এসেছি। আমাদের প্রচেষ্টা কম ছিল না।

আরও পড়ুন: ব্রেট লিকে ভয় পেতেন রোহিত

তিনি আরও বলেন, এ নিয়ে সমালোচনাও শুনেছি। কিন্তু যা মানুষের জন্য ভালো তা আমি করে যেতে চাই। আর এই সময় কান কথা না শুনে মানুষের উপকার কীভাবে হয় সেই চিন্তা করাই ভালো। রোজা চলছে। এই সময়টা আমাদের খরচের হার অনেকটা বেড়ে যায়। তাই রোজার মাসে সহযোগিতা বাড়ানো নিয়ে সমিতির আলাদা পরিকল্পনা রয়েছে। আশা করি সবার পাশে থাকতে পারবো।’

ইত্তেফাক/আরআই