৫শ পরিবারকে খাদ্যসামগ্রী দিল চবি ছাত্রলীগ

আপডেট : ০৫ মে ২০২০, ১৮:৪৯

করোনার উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একাংশ বিজয় গ্রুপের পক্ষ থেকে ৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষা উপ-মন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়াম মাঠে এ খাদ্যসামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছাড়াও ক্যাম্পাসের রিকশাচালক, অটোরিকশা চালকসহ আশপাশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এসময় প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেট নির্দিষ্ট দূরত্বে মাঠে সাজিয়ে দেয়া হয়। প্রতি প্যাকেটে ৪ কেজি চাল এবং ১ কেজি করে তেল, ছোলা, আটা, সেমাই ও লবণ দেওয়া হয়।

এ সময় ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, মানব সেবা করার এটাই সর্বোত্তম সময়। আর ছাত্রলীগের এ উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয়। আমাদের সবাইকে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস দৈনিক ইত্তেফাককে বলেন, রাজনীতি মানুষের জন্য। যার দীক্ষা আমাদের দিয়ে গেছেন প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আর মানুষের জন্য বিশেষ কিছু করার সুযোগ এনে দিয়েছে এই মহামারী। করোনার এই সঙ্কটে আমরা কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  ইলিয়াস, সাবেক অর্থ সম্পাদক এস.এম. জাহেদুল আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ইত্তেফাক/ এমএএম