মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে ১৫শ পরিবার পেল খাদ্য সামগ্রী

আপডেট : ০৬ মে ২০২০, ১৬:২২

করোনার প্রভাবে কর্মহীন অসহায় মোটর শ্রমিক এবং ইমাম, পুরোহিত, কওমী মাদ্রাসার শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে মাশরাফি বিন মোর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এ খাদ্য সহায়তা মিশন সেভ বাংলাদেশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সিটি ব্যাংক এর আর্থিক সহযোগিতায় ১৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 

বুধবার (৬ মে) দুপুরে শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টারের সামনে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন।

আরও পড়ুনঃ খুলনায় ত্রাণের দাবিতে মোটর শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল আলম, এ্যাডভোকেট ইস্রারাফিল খবির রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, জিল্লুর রহমান, ফারুক আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার অনুরোধে সিটি ব্যাংক ইতিপূর্বে করোনায় কাজ হারানো এক হাজার পরিবারকে, ওরিয়ন গ্রুপ ৫শ পরিবারকে, এসএসসি-৯৬ এর ব্যাচ ৫শ পরিবারকে এবং নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।

ইত্তেফাক/ এমএএম