রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

আপডেট : ০৭ মে ২০২০, ০০:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় আনোয়ার হোসেন (৪২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অজিউল্যাহ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার দুপুরে আনোয়ার হোসেনের মেয়ে আনিকা আক্তার বাড়ীর সামনে দিয়ে হাটতে গেলে পূর্বগ্রামের আতাবুদ্দিনের ছেলে সানাউল্যাহ তাকে কটূক্তি করে। এ নিয়ে আনোয়ার ও তার লোকজনের সাথে সানাউল্যাহর পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে  রবি (৩৫), তুষার (৩২), সানাউল্যাহসহ (৩৮) উভয় পক্ষের ৫ জন আহত হয়।

এ ঘটনার জের ধরে বুধবার ( ৬ মে) দুপুরে  আনোয়ার হোসেনকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভেতরেই অজিউল্যাহসহ তার সহযোগীরা উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ঘটনা চনপাড়া বস্তিতে ছড়িয়ে পড়লে নিহত আনোয়ারের সমর্থিতরা পূর্বগ্রামের বেশকিছু বাড়িঘর ও দোকাপনপাটে হামলা,ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, নিহত আনোয়ার হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসআই