নওগাঁর রাণীনগরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর ও ঢাকা ফেরত এক রাজমিস্ত্রি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার খট্টেশ্বর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের করোনা পজেটিভ প্রতিবেদন এসেছে। ওই কিশোর সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত তার বড় ভাই ঢাকা থেকে এলে তার সংস্পর্শে আসার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অপরজন হচ্ছে গোনা গ্রামের এক রাজমিস্ত্রি। ওই ব্যক্তি ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করতো। গত ১ মাস ঢাকায় কাজ না থাকায় সে পহেলা মে গ্রামের বাড়িতে এলে ওই রাজমিস্ত্রিসহ তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তার প্রতিবেদন করোনা পজেটিভ এসেছে।
এদিকে জেলার ১১টি উপজেলার মধ্যে রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রতিটি মানুষের মাঝে। অপরদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব মানুষরা এলাকায় এসেছে তারা সঠিক ভাবে করোনা প্রতিরোধের নিয়ম-কানুনগুলো না মানা ও ঘরের মধ্যে না থাকার কারণে এই মহামারির সৃষ্টি হয়েছে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল। দ্রুত এই সব বাহির থেকে আসা লোকদের কঠোর নিয়মের মধ্যে না আনলে এই করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ইত্তেফাক/এমআরএম
