চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুক্রবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সাতকানিয়া থেকে করোনায় আক্রান্ত ৭ রোগীর মধ্যে ৪ রোগী করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন।
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়। তবে রোগীর সংখ্যা কম থাকায় আক্রান্ত রোগীরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিত। কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা জরুরী হয়ে পড়ে। সর্বশেষ সাতকানিয়ায় একসাথে ৭ ব্যক্তি করোনায় আক্রান্ত হলে বিষয়টি ভাবিয়ে তোলে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, সাতকানিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার আপাতত ৬ বেডের একটি করোনা আইসোলেশন ইউনিট পূর্ণাঙ্গরূপে তৈরী করা হয়েছে। গত শুক্রবার করোনায় আক্রান্ত ২ কনস্টেবল ও ২ স্বাস্থ্য কর্মীকে আইসোলেশন ইউনিটে ভর্তি দিয়ে তাদের চিকিৎসা শুরু হয়েছে।
আবদুল মজিদ আরো বলেন, করোনা রোগীদের চিকিৎসার ২জন ডাক্তার, ২জন নার্স ও ২জন ওয়ার্ড বয় নিয়োজিত থাকবে। তারা ১২ঘণ্টা করে পালাক্রমে ডিউটি পালন করবেন।
ইত্তেফাক/এমআরএম
