রুবেলের ‘দাঁত’ লুকিয়ে রেখেছিলেন নাসির!

আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৩১

করোনা ভাইরাসের আগ্রাসনে সারাদেশ যখন লকডাউন হয়ে আছে, তখন ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক বিনোদন উপহার দিয়ে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোশ্যাল সাইটে তার সতীর্থদের সঙ্গে শুরু করেছেন লাইভ অনলাইন আড্ডা। লাখ লাখ ক্রিকেট প্রেমী এসব আড্ডা দেখছেন এবং ভীষণ আনন্দ পাচ্ছেন। বিশেষ করে তামিম ইকবালের মজাদার উপস্থাপনা, নানা হাস্যরসাত্মক ঘটনা স্মৃতিচারণ করা এবং সিরিয়াস কিছু বিষয়ে আলোচনা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় দেশের দুই দ্রুত গতির বোলার রুবেল হোসেন এবং তাসকিন আহমেদকে নিয়ে লাইভে আসেন তামিম ইকবাল। সেখানে রুবেল ও তাসকিনের খেলোয়াড়ী জীবন আর মাঠের বাইরের নানা গল্প কাহিনী উঠে আসে। অবশ্য ওই লাইভে অল্প সময়ের জন্য যোগ দেন স্পিনার নাসির হোসাইন। 

ইংল্যান্ড সফরে নেটে প্যাকটিস করার সময় রুবেলে মুখে বল লেগে তার একটি দাঁত ভেঙে যায়। সেখানে একটি কৃত্রিম দাঁত স্থাপন করে দেন চিকিৎসক। আর সেই দাঁত নিয়েই ঘটে মজার ঘটনা। লাইভের ২২ মিনিটে সেই মজার ঘটনা তাসকিনের কাছে শুনতে চান তামিম।

এ সময় তাসকিন বলেন, “ম্যাচের পর কিংবা প্যাকটিসের পর আমাদের সাধারণত সুইমিং সেশন থাকে। আমার যতটুকু দেখা এবং শোনা; সেদিন সুইমিং পুলে আমারা কয়েকজন মজা করছিলাম। এ সময় রুবেল ভাইও আমাদের সাথে নাচতে থাকেন। ঠিক তখনই রুবেল ভাইয়ের দাঁত খুলে পড়ে যায়। ওই সময় দাঁতটা নাসির ভাই পেয়ে তা লুকিয়ে রাখেন। রেগে গিয়ে তখন রুবেল ভাই টিম ম্যানেজাকে বললেন, আমি কালকের ম্যাচ খেলবো না। কারণ কাল আমাকে ফোঁকলা দেখা যাবে।”

পরে অল্প সময়ের জন্য তামিমের লাইভে যোগ দিয়ে সেই ঘটনা আবার তুলে ধরে নাসির হোসাইন বলেন, ‘আমারা রাত ৮-৯টার দিকে সুইমিং করছেলিাম। এমন সময় রুরেলের দাঁত খুলে পড়ে যায়। সেই দাঁত পেয়ে আমি নারিকেল গাছের গোরায় লুকিয়ে রাখি। এসময় ও (রুবেল কি করবে বুঝতে পারছিলো না। ওর তো দাঁত নাই! পরে সেটা দিয়ে দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ