দীর্ঘদিন ধরেই ক্রিকেটের ২২ গজের বাইরে রয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি তাকে। ক্রিকেটের বাইরে থাকলেও গত ৮-১০ মাস ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। তবে েএবার ভিন্নরূপ নেয়ায় অন্য রকম আলোচনায় এলেন ভারতের এই ক্রিকেটার।
সবার আশা ছিল আইপিএলে ফের দেখা যাবে ধোনি-ধামাকা। তবে করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে আইপিএল। এমন সময়ে বাকিদের মতো, পরিবারের সঙ্গে ঘরবন্দি ধোনিও। আর ঘরে থাকতে থাকতে ভিন্নরূপ নেয়ায় আবারো ভাইরাল হলেন ধোনি।
চুল দাঁড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই নিত্যনতুন হেয়ার ও বিয়ার্ড স্টাইলে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এমনকী ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকেও লুক পরিবর্তন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটের 'ক্যাপ্টেন কুল'। তবে বাউন্সারের মতো তা বরাবরই এড়িয়ে গিয়েছেন তিনি।
এবার ফের দেখা মিলল ধোনির নতুন লুকের। লকডাউন পর্বের রাঁচির ফার্মহাউসে রয়েছেন মাহি। সঙ্গে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। বাবা-মেয়ের বাইক সফরের ভিডিও আগেই ভাইরাল হয়েছে। লকডাউনের মধ্যেই পরিবারের সঙ্গে ধোনির সময় কাটানোর একাধিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এমনই এক ভিডিও এবার দেখা গেল ধোনির নতুন দাড়ি-স্টাইল। 'সল্ট অ্যান্ড পেপার' দাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়া মাত করছেন মহেন্দ্র সিং ধোনি।
ইত্তেফাক/এসআই
