খুলছে আড়ং, কেনাকাটায় অনলাইনে সময় বুকিং

আপডেট : ০৯ মে ২০২০, ১৭:২১

নতুন করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর দোকান-বাজার খোলার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আড়ংয়ের নির্ধারিত কিছু আউটলেট রবিবার থেকে পুনরায় চালু হচ্ছে। সম্ভাব্য সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ ছাড়াও আড়ংয়ের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব আউটলেট খোলা থাকবে। 

ক্রেতার স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে কেনাকাটার স্বার্থে দেশে প্রথমবারের মতো বিপণিকেন্দ্রে আসার আগে অনলাইনে টাইমসøট বুকিং চালু করছে আড়ং। aarong.com এর ওয়েব সাইটে গিয়ে নিকটতম আউটলেটে কেনাকাটা করার জন্য তারিখ ও সময় বুকিং দিতে পারবেন যে কোনও ক্রেতা। এরপর নির্ধারিত সময়ে এসে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সহজেই কেনাকাটা সেরে নিতে পারবেন তারা। 

আরো পড়ুন : চট্টগ্রামে ঈদের আগে বিপণি বিতান খুলছে না 

শনিবার অনলাইনে এক সাংবাদিক সম্মেলনে ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, আড়ংয়ের লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন ও নারীর কর্মসংস্থান। আমাদের সঙ্গে জড়িত ৬৫ হাজারের বেশি হস্ত ও কারুশিল্পী এবং নারী উদ্যোক্তাদের জীবিকা। তাদের কথা মাথায় রেখেই আড়ং আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছি। 

সারাদেশে আড়ংয়ের মোট ২১টি আউটলেটের মধ্যে ঢাকার বাসাবো এবং নারায়ণগঞ্জ বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বিবেচিত হওয়ায় এখানে অবস্থিত আউটলেট দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার শপিং মল এবং অন্যান্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শপিং মল বা অন্যান্য দোকান বন্ধ থাকার অংশ হিসেবে আড়ং আউটলেটও বন্ধ থাকবে।

ইত্তেফাক/ইউবি