‘অ্যান এসকেপিস্ট’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন দেশের গুণী নির্মাতা অনিমেষ আইচ। একইসঙ্গে অনিমেষ তার এই ছোট সিনেমার মধ্য দিয়েই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। সিনেমাটোগ্রাফি মীর হান্নান এবং সম্পাদনা করেছেন রাকিব রানা। এতে অভিনয়ে রয়েছেন দীপক সুমন, ফকরুজ্জামান, নূরন্নাহার বেবী, (শিশু শিল্পী) নৈঋতা ও রুসমিলা।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রথম প্রডাকশন প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘পৃথিবীজুড়ে করোনা ভাইরাস মানুষকে ক্রমেই দূর থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু কখনো কী আমরা কাছে ছিলাম? আমরা শুধু পাশ কাটিয়ে যেতেই ভালোবাসি। যতক্ষণ না বিপদ এসে আমাদের গায়ে আঁছড়ে পড়েছে ততক্ষণ আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখি। আমরা এসকেপ করে চলেছি সবকিছু। তেমনি একজন এসকেপিস্টের গল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে।’ এটি প্রচার হবে ১৩ মে রাত ৮টায় অনিমেষ আইচের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, অনিমেষ আইচ এদেশের টিভি ও চলচ্চিত্রের একাধিক সফল নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এক নির্মাতা। হোম কোয়ারেন্টাইনের এই সময়টাকে কাজে লাগানোর জন্যই মূলত নিজের ভাবনা প্রসূত ছোট সিনেমাসহ একাধিক কন্টেন্ট প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এর বাইরে নিয়মিত লিখে চলেছেন। তবে তার লেখার কায়দা-কানুন একেবারেই ভিন্ন। না এবারে তার স্ক্রিপ্ট কোনো ল্যাপটপে লিখছেন না। বরং পাণ্ডুলিপির আলাদা সংরক্ষণের তাগিদেই লাল রঙের টালি খাতায় লিখছেন গল্প-উপন্যাস।
অনিমেষের কথায়, ‘অনেকরকম চলচ্চিত্র নির্মাণ করতে ইচ্ছে করে। কিন্তু চলচ্চিত্র নির্মাণ তো শুধু আমার একার ওপরে নির্ভর করে না। প্রযোজক, ছবির বাজার সবকিছু নিয়ে ভাবতে হয়। কিন্তু এত কিছু না ভেবে স্রেফ গল্পগুলো লিখে যেতে চাই। শব্দের শরীরেই তৈরি থাকুক আপাতত আমার একেকটি সিনেমা।’
