চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বটতলী মোটর স্টেশনসহ উপজেলার অন্যান্য মার্কেটের দোকান-শপিংমল ঈদের আগে খুলছে না।
সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীদের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলার বটতলী শহর পরিচালনা কমিটি, দোকান মালিক সমিতি, মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ ও হাটবাজার ইজারাদাররা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ শাহজাহান, স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাত্তার সিকদার, লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মিজবাহ উদ্দিন রাজিব, পদুয়া বাজারের ব্যবসায়ী আবুল হাসেম প্রমূখ।
আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণির ছাত্রের এক চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা
লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশন দক্ষিণ চট্টগ্রামের একটি সেরা বাণিজ্যিক কেন্দ্র। এই বাণিজ্যিক কেন্দ্রে বহু অত্যাধুনিক মার্কেট ও শত-শত দোকান রয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে প্রতিনিয়ত এখানে আসেন ক্রেতারা। এছাড়াও পদুয়া বাজার ও উপজেলা সদরের দরবেশ হাটও উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র।
ইত্তেফাক/ এমএএম
