রাজাপুরে ছেলের হাতে বাবার মৃত্যু, ছেলে আটক

আপডেট : ১১ মে ২০২০, ২০:০৫

ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া এলাকায় কলেজ পড়ুয়া মাদকসেবী ছেলের লাঠির আঘাতে ইসমাইল হোসেন আকন (৫২) নামে এক পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইসমাইল আকনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত ছেলে মাহফুজকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। রবিবার (১০মে) গভীর রাতে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ইসমাঈল আকনের মৃত্যু হয়। ইসমাঈল আকন উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত. আব্দুল হামিদ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি সময়ে উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়িকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনা জানার পর রবিবার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে। বিষয়টি বাবা মোঃ. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দিতে উদ্যত হন। এতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। 
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ: জাহিদ হোসেন জানান, ঘাতক মাহফুজকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসআই