শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তায় স্কুলের শিক্ষকরা 

আপডেট : ১১ মে ২০২০, ২১:০৭

পিরোজপুরের কাউখালীতে করোনা মোকাবেলায় নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তায় এগিয়ে এলেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষক। সোমবার (১১ মে) সকালে তারা এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। 

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিজন শিক্ষক প্রত্যেকে ৫ জন করে মোট ৬০ জন অতি দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য সম্বলিত এ সহায়তা প্যাকেট তুলে দেন। এসকল শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে সাদা কাগজ ৫ দিস্তা, কলম ৫টি, ফ্যামিলি প্যাক বিস্কুট ১ প্যাকেট, টোস্ট হাফ কেজি, চিড়া হাফ কেজি ও হাফ কেজি মুড়ি একত্র করে তুলে দেওয়া হয় ।

প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থী প্রণোদনা হিসেবে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষকরা এ সহায়তা প্রদান করেন।’

আরো পড়ুন: নিজে রান্না করে প্রতিদিন ৩’শ মানুষকে খাওয়াচ্ছেন মারুফ 

উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম বলেন,  কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পূর্ণ  নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক সহায়তা প্রদান অন্যদেরও অনুপ্রাণিত করবে। শিক্ষকদের মধ্যে এই ধরনের মানবিক গুণাবলী অত্যন্ত প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে করোনা সংকট মোকাবেলা সহজতর হবে।

ইত্তেফাক/এএএম