জয়পুরহাটের গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে স্থাপিত আইসোলেশন ওয়ার্ড থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরল আরও ১১ জন। এ নিয়ে জেলায় করোনা যুদ্ধে জয়লাভ করল ১৫ জন। বুধবার সকালে সিভিল সার্জন ডা.সেলিম মিঞা এ তথ্য জানান।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় প্রথম দিকে করোনাভাইরাসে আক্রান্ত ১১ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনা মুক্ত বলে ঘোষণা করে বুধবার সকালে গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের আইসোলেশন থেকে ছেড়ে দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনা যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফিরল ১৫ জন। জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭০ জন। এ ছাড়াও নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় জেলা শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।
বর্তমানে এক হাজার ২২৫ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। এরমধ্যে হোম কোয়ারেন্টাইনে এক হাজার ১১০ জন, প্রাতিষ্ঠানিকে রয়েছে ৬১ জন ও আইসোলেশনে রয়েছে ৫৫ জন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জয়পুরহাট জেলায় প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। করোনা আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণসহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অন্যান্যদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
ইত্তেফাক/এমআরএম
