তামিমের ‘হট-সিটে’ আজ বসছেন ডু-প্লেসিস

আপডেট : ১৩ মে ২০২০, ১১:৪৮

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষকে কিছুটা বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের খেলোয়াড়দের গণ্ডি পেরিয়ে এবার বিদেশি খেলোয়াড়দের দিকে নজর দিয়েছেন তিনি। আজ বুধবার রাত দশটায় তামিমের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এটি হবে তামিমের ষষ্ঠ লাইভ আড্ডা। ডু-প্লেসিসের সঙ্গে লাইভ আড্ডাটি সরাসরি দেখা যাবে তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেইজে।

গত ২ মে এই লাইভ আড্ডা শুরু করেন তামিম। তার প্রথম লাইভ আড্ডার অতিথি ছিলেন দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।এরপর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টি-২০ দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ এবং দুই পেসার তাসকিন আহমেদ-রুবেল হোসেনকে নিয়ে লাইভ আড্ডায় মেতে ওঠেন তামিম ইকবাল।

দলের বর্তমান সতীর্থদের পর জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে লাইভ আড্ডা আনেন তামিম।

ডু প্লেসিসের পর আগামী ১৫ মে, শুক্রবার রাত সাড়ে দশটায় তামিমের শোতে হাজির হচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ইত্তেফাক/জেডএইচডি