হাজীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২০, ১৪:২৯

চাঁদপুরের হাজীগঞ্জে দুই দিনে ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ৫নং সদর ইউনিয়নের খাকবাড়ীয়া গ্রামের পুকুরে ডুবে তোহা বেপারী নামের সাত বছরের এক শিশু মারা যায়।

মৃত তোহা ওই গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। এর আগে সোমবার বিকালে একই ইউনিয়ের অলিপুর গ্রামে সুলতানা নামের দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা যায়। নিহত শিশু ওই গ্রামের মনির হোসেনের একমাত্র মেয়ে।

মৃত শিশুর প্রতিবেশী জাহিদুল ইসলাম গাজী জানান, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তোহা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অপরদিকে সোমবার বিকালে পরিবারের অগোচরে শিশু সুলতানা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুর থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ইতোমধ্যে পুকুরসহ খাল-বিলের পানি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আসছে বর্ষাকাল। তাই শিশুদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে।

ইত্তেফাক/এমআরএম