‘আমি আমি করিস রে মন, আমি কারে কয়?/ আমার মাঝে হরেক আমি’র নিত্য জনম, লয়...’।
সম্প্রতি প্রকাশ পেল কবি, সাংবাদিক ও গীতিকবি অতনু তিয়াসের নতুন গান ‘আমি’। নিজের দিকে ফিরে তাকানোর তাড়না তৈরি করার মতো একটি ভিন্নমাত্রার গান ‘আমি’। শুধু গান নয়, মিউজিক ভিডিও রূপে দর্শক-শ্রোতাদের সামনে এসেছে গানটি। কাব্যময় এবং আধ্যাত্ম-চেতনার গানই এ শিল্পীর স্বাতন্ত্র্য। এ গানটিও তার ব্যতিক্রম নয়। অনেক ‘আমি’র ভিড়ে প্রকৃত 'আমি’কে প্রতিনিয়ত হারিয়ে ফেলছি আমরা। সেই ‘পরম’কে খুঁজে বেড়ানোর চেষ্টাই এ গান।
গানটি সম্পর্কে অতনু তিয়াস বলেন, ‘মূলত লোকধারার গান বাঁধতে ও গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পরমকে আবিষ্কারের ব্রত গানটি অনেকের হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে।’
গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটির কনসেপ্ট ও চিত্রায়নে সোহাগ দেবনাথ। চরিত্র হিসেবেও অংশ নিয়েছেন সোহাগ দেবনাথ। দৃশ্য ধারণ করেছেন মিতুল দেবনাথ। গানটি অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেল Atanu Tias-এ প্রকাশ পেয়েছে।
ইত্তেফাক/আরএ
