রাজধানীতে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ২

আপডেট : ১৫ মে ২০২০, ১৬:৩৩

রাজধানীর খিলগাঁও ও বনানীতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- বিল্লাল ওরফে চাপাতি সাগর (২৯) ও জলিল (৪৫)। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বিল্লাল খিলগাঁওয়ের নর্দারপাড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর জলিল বনানীর টিএন্ডটি কলোনির বটতলা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  

পুলিশ জানায়, সাগর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, অস্ত্রসহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে। 

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- ডেমরা-মেরাদিয়া সড়কের নর্দারপাড় এলাকায় দুর্বৃত্তরা অবস্থান করছে। পরে বৃহস্পতিবার গভীর রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুইপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খিলগাঁও থানার পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে নিহত যুবকের নামে বিল্লাল ওরফে চাপাতি সাগর (২৯)। তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে।

আরো পড়ুন : অধ্যাপক আনিসুজ্জামানের প্রয়াণে ক্ষতি অপূরণীয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী

এদিকে র‌্যাব-১ জানায়, করোনার এই দুর্যোগের মধ্যেও জলিল তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার গভীর রাতে মাদক ব্যবসার খবর পেয়ে র‌্যাবের একটি টিম বনানীর টিএন্ডটি কলোনির বটতলা এলাকায় যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে দেখে পালাতে থাকে। র‌্যাব তাদের আটকের চেষ্টা করলে তারা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।  এ ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি