করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য আরও তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০, ২৬ ও ৩১ মে এসব বিশেষ ফ্লাইট ঢাকা থেকে লন্ডন যাবে। এই তিনটি ফ্লাইটে ৯০০ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে ফিরবেন। এর আগে বাংলাদেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য প্রথম দফায় চারটি ও দ্বিতীয় দফায় পাঁচটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন : করোনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি হতে পারে ৭৪৮ লাখ কোটি টাকা : এডিবি
করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের জন্য বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।
ব্রিটিশ হাই কমিশন বলছে, বেশি ঝুঁকিতে থাকা নাগরিকেরা অগ্রাধিকার পাবেন। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমাদ অব উইম্বলডন বলেন, এই তিন ফ্লাইটে ৯০০ নাগরিককে ফেরানো হবে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে দুই হাজার ৮০০ বেশি মানুষকে ফেরানো সম্ভব হবে।
ইত্তেফাক/ইউবি
