আজ জানা যাবে কার হাতে উঠছে মাশরাফির ব্রেসলেট

আপডেট : ১৭ মে ২০২০, ২০:২৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার ব্যবহার করা রূপার ব্রেসলেট নিলামে বিক্রির টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে। জাতীয় দলে অভিষেকের পর থেকে হাতে যে ব্রেসলেট পড়ে খেলেছেন সেই ‘মাশরাফি নামাঙ্কিত’ ব্রেসলেটটির নিলাম রবিবার রাত সাড়ে ১০টার মধ্যে সম্পন্ন হবার কথা। দীর্ঘ ১৮ বছরের অনেক সুখ-দুঃখের সাক্ষী এই ব্রেসলেটটি। 

জানা গেছে, শনিবার বিকাল পাঁচটা থেকে আয়োজনকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে মাশরাফির ব্রেসলেটটির নিলাম শুরু হয়েছে। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিডিং শেষ হবে রবিবার রাত সাড়ে দশটা থেকে শুরু লাইভের মাধ্যমে।

আরও পড়ুন: কবরে কলাগাছ পুঁতে ভরাট, লাশের সামনে পেটানো হলো শবযাত্রীদের

সূত্র জানায়, নিলামের আগেই মাশরাফির ব্রেসলেট কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি মোবাইলফোন অপারেটর ও দুটি বেসরকারি ব্যাংক। 

রবিবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক মাশরাফির বরাত দিয়ে বলেন, ব্রেসলেট নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে দান করবেন, যা করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে। 

ইত্তেফাক/এসি