ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল আটকের ঘটনায় খুনোখুনি

আপডেট : ১৭ মে ২০২০, ২০:৩০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোরাই মোটরসাইকেল বিক্রি এবং ওই মোটরসাইকেল পুলিশ আটক করাকে কেন্দ্র করে মামাতো ভাইদের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বাবু মিয়া (২৮)। তিনি ওই গ্রামের গরীব হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের আপন মামা মৃত নুরুল ইসলামের ছেলে মো. সুজন মিয়া (৩০), মো. সবুজ মিয়া (২৭) ও মো. সজিব মিয়া (২৪)।

জানা যায়, নিহত বাবু প্রায় দুইমাস আগে মামাতো ভাইদের কাছে লাইসেন্স বিহীন একটি মোটরসাইকেল বিক্রি করে। রবিবার পুলিশ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে। এনিয়ে দুপুরে মো. সুজন মিয়া, মো. সবুজ মিয়া ও মো. সজিব মিয়া বাবুর ওপর চড়াও হয় এবং এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কবরে কলাগাছ পুঁতে ভরাট, লাশের সামনে পেটানো হলো শবযাত্রীদের

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুকে আনার পর চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে সে মারা যায়। 

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ইত্তেফাক/এসি