মিরপুরে ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পুলিশের আত্মহত্যা

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৫

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর সেকশনের ট্রাফিক ব্যারাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ট্রাফিক কনস্টেবলের আত্মহত্যা করেছেন। রবিবার সকাল পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক কনস্টেবলের নাম শ্যামল চন্দ্র রায় (৪৩)। তিনি ট্রাফিক উত্তর বিভাগ কর্মরত ছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান,  মিরপুর ১৪ নম্বর ট্রাফিক ব্র্যাকের ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ওই পুলিশ সদস্য। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ট্রাফিক উত্তর বিভাগের এসআই জাহাঙ্গীর আলম জানান, শ্যামল চন্দ্র ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন ১৪ নম্বর ট্রাফিক পুলিশ ব্যারাকে ছয়তলা ভবনের চার তলায় ১১নম্বর রুমে থাকতেন। রাতে সেহেরি খেয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পরে তাকে রুমে দেখা যায়নি। পৌনে ৬ টার দিকে দেখা যায় ভবনের নিচে বেজমেন্টের উপরে পড়ে আছেন। তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল ৭ টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাট জেলার সদর থানার সাতান গ্রামে নিহতের বাড়ি।

ইত্তেফাক/বিএএফ