ভারতে কি ক্রিকেট ফিরছে?

আপডেট : ১৮ মে ২০২০, ১৬:৫১

করোনাকাল অতিক্রম করে বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারো স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এরই মধ্যে মাঠে গড়িয়েছে বুন্দেসলিগা। ফুটবলে অনুশীলনেও ফিরেছে কয়েকটি দেশ। এবার ভারতের স্টেডিয়ামও খুলে দেয়ার অনুমতি দেয়া হলো। তবে শর্ত রাখা হয়েছে একটাই। স্টেডিয়াম হতে হবে দর্শকশূন্য এবং খেলা হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ভারতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত। তবে এবারের লকডাউনে অনেকটাই শিথিলতা আনা হয়েছে। কি করা যাবে আর কি করা যাবে না- তার একটি তালিকা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

তালিকায় বলা হয়েছে, 'স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে দর্শক থাকতে পারবে না। এছাড়া কোনও ধরনের ভিড়িও করতে দেওয়া যাবে না।’

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসরের আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। কেননা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে আইপিএলের চলতি বছরের আসরটি। নতুন করে আয়োজন করতে হলে আবার সূচি প্রস্তুত করতে হবে। সেই সঙ্গে শিথিল করতে হবে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিও।

স্টেডিয়াম খুলে দেওয়ার ঘোষণা দিলেও অভ্যন্তরীণ বিমান চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। ফলে এখনই ক্রিকেট শুরু করা যাচ্ছে না। আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

ইত্তেফাক/এসআই