লকডাউনে নির্বিচারে গাছ কাটা হচ্ছে ঢাবিতে, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ মে ২০২০, ২২:০১

সারাদেশে চলছে লকডাউন, এই লকডাউনকালীন সময়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগ নিয়ে মেট্রোরেলের স্টেশন করার জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে প্রকৃতির প্রাণ গাছ। বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা থেকে টিএসসি-দোয়েল চত্বর- হাইকোর্ট এলাকায় অবস্থিত রাস্তার দু'পাশের এসব গাছ কাটা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি ধ্বংস করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সোমবার সকালে বাংলা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে গাছ কাটার প্রতিবাদ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। 

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, আমরা যখন বলি, বিশ্ববিদ্যালয় গাবতলী নয়, যে এখানে বাস ট্রাক থাকবে, বিশ্ববিদ্যালয় কোনো মাছের বাজার নয়, যে বাজার উচ্ছেদ করে মেট্রো রেলের পিলার বসাতে হবে, তখন আমাদেরকে জায়গা সংকট দেখানো হয়। বলা হয়, ঢাকা শহরে স্পেস নেই কোনো। সরকার চাইলেই পারত মেট্রো রেলের রাস্তা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নিতে। কিন্তু তারা তা করে নাই। কারণ আমাদের স্বার্থ তারা দেখে না। সাধারণ মানুষের ক্ষতি হলে তাদের কীই-বা আসে যায়। 

তিনি বলেন, এই মেট্রোরেলের রাস্তা থেকে দুইশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। সেইখানে এখন করোনা রোগের টেস্টিং চলছে। ভাবুন! উচ্চতর গবেষণা কেন্দ্রের মাত্র দুইশো মিটার দূরে ধুলা বালু মাখা এক কন্সট্রাকশন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। 

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ তার সমাপনী বক্তব্যে বলেন, ‘ আমরা আজ থেকে পাঁচ বছর আগেও বলেছি, বিশ্ববিদ্যালয়ের বুকের ওপর রেললাইন বানাবেন না। আমাদেরকে বলা হয়েছে, এটা নাকি আমাদের ভালোর জন্যই। কোথায় সেই ভালো? তখন তারা বললো, মেট্রোরেলটা হতে দাও, স্টেশন আমরা করব না। আর আজ আমরা দেখি, টিএসসিতে স্টেশন করার জন্য এই করোনার মাঝেই কী ব্যস্ততা! যাতে স্টুডেন্টরা ফিরে আসার আগেই সর্বনাশটা করে ফেলা যায়।’

ইত্তেফাক/এমআর