বিপিএলের প্রথম এমপিকে অভিনন্দন রংপুর রাইডার্সের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অংশ নিয়ে বিজয়ীও হলেন। এখন তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য। শুধু তাই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা প্রথম কোনো সংসদ সদস্যও তিনি।

বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়কের এ বিজয়ে তার ভক্ত-সমর্থকদের পাশাপাশি উদ্বেলিত বিপিএলে তার দল রংপুর রাইডার্সও। ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

পোস্টে বলা হয়েছে, আরও একটি অর্জনের জন্য অভিনন্দন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে কোনো দলের হয়ে খেলা প্রথম এমপি হতে যাচ্ছেন তিনি।

এমপি নির্বাচিত হওয়ার পর মাশরাফি বলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোস নয়। সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোন ছাড় নয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। 

আরো পড়ুন: বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের তালিকায় শেখ হাসিনা

রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে শিরোপা জয় করেন ম্যাশ। এবারের আসরেও আইকন ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্সে খেলবেন তিনি। 

বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং ১৪তম স্থানে আছেন মাশরাফি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পারফরমারও তিনি। গেলো তিন বছরে ৪০ ম্যাচ খেলে নিয়েছেন ৫৮ উইকেট। যা ওই সময়ে কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা।

৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। এরপর ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 

ইত্তেফাক/জেডএইচ