বিএনপি-জামায়াতের বিদায় ঘণ্টা বেজে গেছে: ইনু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

'বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না, কোনো যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে, এটাই তাদের ইতিহাস' এমন মন্তব্য করে জাসদ সভাপতি  হাসানুল হক ইনু বলেছেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জামায়াতের রাজনৈতিক বিদায় ঘণ্টা বেজে গেছে।'

সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, 'এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখান করেছেন দেশের মানুষ, ঠিক একইভাবে তারা যেনো আর চক্রান্ত করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এ সময় ইনু আরো বলেন, 'বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদের দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য, দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরো শক্ত হাতে কাজ করতে হবে।'

আরও পড়ুনঃ বিপিএলের প্রথম এমপিকে অভিনন্দন রংপুর রাইডার্সের

এ সময় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু