আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার অবিস্মরণীয় বিজয় অর্জন হয়েছে। এ বিজয় গণতন্ত্রের বিজয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়। ৩০ ডিসেম্বরের ভোটের মাধ্যমে এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সমুচিত জবাব দিয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে নির্বাচনোত্তর দলীয় নেতাকর্মী ও গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন। কাজিপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও পিপুলবাড়িয়া বাজারে মনসুর নগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান দু’টিতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার উত্ফুল্ল জনতা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম আরও বলেন, ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে এ দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বনে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রমাণ করেছে আওয়ামী লীগ মানেই উন্নয়ন, কেবল শেখ হাসিনাই উন্নয়নের নেত্রী। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা ছাড়া ভোট পাওয়া যায় না। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের ভুমিধ্বস বিজয় উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন- এই উপমহাদেশে প্রয়াত পন্ডিত জওহরলাল নেহেরুর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই চার বার প্রধানমন্ত্রীর পদে আসীন হচ্ছেন।
তিনি বলেন, এই নির্বাচনে প্রমাণ হয়েছে বিএনপি জামাতেয় সাংগঠনিক ভিত্তি বেঙ্গে চুরমার হয়ে গেছে। তারা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। নির্বাচনে বিজয়কে মোহাম্মদ নাসিম বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দলীয় নেতাকর্মীদের আরও ধৈর্য্য ধারণ করে বিনয়ের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হওয়ার আহ্বান জানান।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর রবিবার গভীর রাত এবং সোমবার সকাল থেকেই কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার বিজয়ী প্রাথী মোহাম্মদ নাসিমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। দুপুরে অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সীমান্ত বাজার, ঘোড়াচড়া, ছোনগাছা,শাহানগাছাসহ নানাস্থানে দলের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাঁকে অভিনন্দন জানায়। নির্বাচনে তিনি সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে মোট ১৬৮ কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৮ শ ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কণ্ঠ শিল্পী কনকচাঁপা ভোট পেয়েছেন ১০২৭ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সোমবার দুপুরে তাঁর কাছে এই ফলাফল হস্তান্তর করেন। বেসরকারিভাবে ঘোষিত এই ফলাফলে তাঁর নির্বাচনী এলাকার মানুষ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তাঁর পরিবারের সকল সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা ও মুক্তুিদ্ধে শহীদদের আত্নার শান্তি কামনা করেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: ৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
কাজিপুর এবং পিপুলবাড়িয়া বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে শওকত হোসেন ও আব্দুল রতিফ তারিন। অন্যান্যের মধ্যে সাবেক এমপি তানভীর শাকিল জয়, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, মোজাম্মেল হক বকুল, খলিলুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, সহিদুল আলম প্রমুখ।
ইত্তেফাক/এমআই
