মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ৭ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার দুপুরে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, হোগলাকান্দি গ্রামের আবুল কালাম প্রধানের ছেলে শেখ ফরিদ(৩২), একই গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে রাকিব সিকদার(১৯), আমান উল্লাহর ছেলে ইকরাম প্রধান(৩৫), মো: রশিদ সিকদারের ছেলে রাজু সিকদার(১৬), মৃত.খলিল বেপারীর ছেলে মো: শাকিল প্রধান(২২), আবুল কালাম সিকদারের ছেলে মিলন সিকদার(১৮), মোস্তাফিজুর রহমানের স্ত্রী জয়নব বেগম(৩৫)।
স্থানীয়রা জানায়, প্রায় ১মাস ধরে এলাকার জমি দখলের মারামারিকে কেন্দ্র করে হোগলাকান্দি গ্রামের শেখ ফরিদ গ্রুপের সাথে একই গ্রামের মনির হোসেনের ছেলে লালু প্রধান(৩৫) ও আতাউর রহমান ভূঁইয়ার ছেলে জাহিদ ভূঁইয়ার (২৬) সাথে দ্বন্দ্ব চলছিলো। শুক্রবার শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে লালু ও জাহিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে শেখ ফরিদ গ্রুপের লোকজনের বাড়ি ঘরে হামলা চালায় ও লুটপাট করে। এ সময় বাধা দিতে আসলে শেখ ফরিদসহ ৭জন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আল মামুন জানান, আজকের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/এমআরএম
