কমলাপুর রেলওয়ে হাসপাতালে পিপিই ও চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র দূতাবাস 

আপডেট : ২৮ মে ২০২০, ২১:০৯

কোভিড-১৯ মোকাবেলায় কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালকে পিপিই ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। 

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এসব প্রদান করা হয়।

কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের বিভাগীয় মেডিক্যাল অফিসার ইবনে সফি আব্দুল আহাদের নিকট এসব হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্র মিলিটারির ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিবৃন্দ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে পিপিই বিতরণ পরিকল্পনার দ্বিতীয় ধাপ এটি। 

প্রদান করা সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ৭০০ কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ৫০০ ও ২০০ মিলি বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৩০০ বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় ব্যবহৃত হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল (HAZMAT) স্যুট, ৫০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড, ৫০ পাউন্ড ব্লিচ পাউডার, ১০টি ইনফ্রারেড থার্মোমিটার, ৬টি জীবাণুনাশক স্প্রেয়ার, এবং তিনটি রোগী দেখার মনিটর/পালস অক্সিমিটার মেশিন। 


যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

এর আগে ১১ মে প্রথম ধাপে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিকট পিপিই ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ মোকাবেলার প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণে বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগগুলোর আওতায় দ্রুত রোগনির্ণয় উন্নত করা, জ্ঞান বৃদ্ধি, রোগ সম্পর্কিত গুজব ও ভুল ধারণা দূরীকরণ এবং বীরত্বপূর্ণ সম্মুখসারীর কর্মীদের সহায়তা প্রদানে ২৫.৭ মিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।

কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত কোভিড-১৯ চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল।

ইত্তেফাক/জেডএইচ