দুটি কিডনি রোগে আক্রান্ত রাজবাড়ীর ইয়াহিয়ার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার ( ২৮ মে) নগর ভবনে ইয়াহিয়া ও তার ভাইয়ের হাতে ৫০ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন তিনি।
কিছুদিন আগে দৈনিক ইত্তেফাকে নিউজটি আসায় তা চোখে পড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের। পরিবারের একমাত্র উপার্জনকারী ৩০ বছরের বয়সী ইয়াহিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তিনি ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হচ্ছে। যা কিডনি ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত অব্যাহত রাখতে হবে। কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন। যা সর্বস্বান্ত দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই তরুণ ইয়াহিয়ার জীবন বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন।

ডায়ালাইসিস খরচ, ওষুধ, ইনজেকশন এবং রক্তের ক্রসম্যাচিং খরচ হিসাবে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার উপরে খরচ হচ্ছে। বর্তমানে এই টাকার যোগান দেয়াও অসম্ভব হয়ে পড়েছে।
ইয়াহিয়ার চাচা ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত সিএফসির এক্সিকিউটিভ শেফ মনজুর রশিদ বলেন, 'এভাবে আর কয়দিন চিকিৎসা করাতে পারবো জানি না। কারণ আমাদের সামর্থ্য শেষ হয়ে এসেছে। শুধুমাত্র টাকার অভাবে তাকে ভালো কোন হাসপাতালেও নিতে পারছি না। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশনের ধকল সহ্য করার মতো সুস্থ অবস্থায় আনা খুব জরুরি।'
তিনি বলেন, 'ইয়াহিয়ার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে আপনাদের ভালোবাসা ও সাহায্য আমাদের খুব প্রয়োজন। কারণ শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় একজন যুবক অকালে ঝরে যাবে তা কেউ মানতে পারছি না। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা সাধ্যমতো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সাহায্য পাঠানো যাবে ০১৭৫৩-৩০৫৬৯৪ (বিকাশ-পার্সোনাল), ০১৯২৮-৭১০৭৮৮৭ (রকেট-পার্সোনাল) এবং ব্যাংক অ্যাকাউন্ট ১৬৪১৫১৩৫৬১৪৭, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০১১২১২২০০০২৮৫৭১ একাউন্ট নাম্বারে। এছাড়া যোগাযোগ করা যাবে ০১৭৫৩-৩০৫৬৯৪ ও ০১৯২৮৭১০৭৮৮ মোবাইল নাম্বারে।
ইত্তেফাক/এসআই
