আনুশকাকে নিয়ে নববর্ষ উদযাপনে সিডনিতে কোহলি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। নতুন বছরে ৩ জানুয়ারি থেকে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। সিডনিতে সেই টেস্ট খেলতে উড়ে গেলেন বিরাট কোহলি। সঙ্গী স্ত্রী আনুশকা শর্মা। 

সিডনি যাওয়ার ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট কোহলি লিখেছেন, ‘সিডনির পথে, নিউ ইয়ার ইভে এক ও একমাত্র ভালোবাসা আনুশকার সঙ্গে’। ইমোজির পাশাপাশি আনুশকাকে ট্যাগও করেছেন তিনি।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু আগে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ দেখেছিলেন বিরাট কোহলি। স্ত্রী আনুশকা অভিনীত ছবির রিভিউ করেন ভারত অধিনায়ক। পাশাপাশি আনুশকার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি। 

চলতি মাসেই প্রথম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করেছেন এই তারকা জুটি। সেই আনুশকাকে সঙ্গে নিয়েই সিডনিতে উড়ে গেলেন ভারত অধিনায়ক। ভারতীয় দলকে উজ্জীবিত করতে এখন অস্ট্রেলিয়াতেই রয়েছেন আনুশকাও। 

২০১৮ সালে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। বাইশ গজের সেই ফর্ম ধরে রাখতে চান নতুন বছরেও। তবে আপাতত স্ত্রীর সঙ্গ উপভোগ করছেন কোহলি। 

ইত্তেফাক/কেআই