লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করে দেশটির সরকারের কাছে দোষীদের বিচার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ। শুক্রবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া ১১ জন আহত হয়েছেন এবং একজন পালিয়ে এসেছেন। পালিয়ে আসা ওই ব্যক্তি একটি ফার্মেসি মালিকের বাড়িতে আশ্রয় নিয়ে আমাদের দূতাবাসে জানান।
তিনি আরও জানান, আমাদের মিশন তাৎক্ষণিকভাবে ত্রিপোলি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের বলেছে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে।
আরো পড়ুন : টাঙ্গাইলে উপজেলা ভাইস-চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জীবিত ১১ বাংলাদেশির মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর থেকে গুলি বের করার চেষ্টা করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের মাধ্যমে হয়তো আমরা পাচারকারীদের সম্পর্কে তথ্য পাবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়া বাহিনী গুলি করে হত্যা করে। এ ঘটনায় আহত অপর ১১ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/ইউবি
