মাঠে ফিরছে সিরিআ ও এফএ কাপ

আপডেট : ৩০ মে ২০২০, ১৫:৫৩

করোনার কারণে দীর্ঘদিন মাঠে ছিলো না কোন ক্রীড়া আসর। ঘরবন্দি হয়েই দিন কাটাতে হয়েছে ক্রীড়াবিদদের। এই সুযোগে অনেক ক্রীড়াবিদকেই দেখা গেছে ভিন্ন রূপে। কেউ সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন আবার কেউ বা ঘরে থেকেই পরিবারকে সময় দিয়েছেন। তবে এবার তাদেরকে আবার মাঠে দেখা যাবে পুরনো রূপে। 

করোনাকাল অতিক্রম করে এরইমধ্যে মাঠে ফিরেছে বুন্দেসলিগা। সেই সঙ্গে অনুশীলনেও  ফিরছে কয়েকটি দেশের ফুটবল দল ও ক্রিকেট।  এবার মাঠে ফিরছে ইতালিয়ান ফুটবল লিগ সিরিআ'ও। ২০ জুন থেকে আবারো মাঠে গড়াতে পারে ইতালির শীর্ষ এই লিগ। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা এমন আভাসই দিয়েছেন। সেই সঙ্গে ২০ জুনের মধ্যে ইতালিয়ান কাপ শেষ করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। 

তবে, পরিস্থিতি খারাপ হলে আর খেলা আবারো বন্ধ হলে, সেজন্য দেশটির ফুটবল ফেডারেশনের বিকল্প পদ্ধতি রয়েছে বলে জানান ক্রীড়ামন্ত্রী। এমন পরিস্থিতিতে সিরি'আ শুরুর সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছেন ব্রেসিয়া প্রধান ম্যাসিমো কেলিনো।

এদিকে, মাঠে ফেরার ঘোষণা দিয়ে এরই মধ্যে সময় সূচিও প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অন্যদিকে,  ইপিএলের পর, জুনের শেষ সপ্তাহে শুরু হচ্ছে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। আর আগস্টের ১ তারিখকে ধরা হচ্ছে ফাইনালের সম্ভাব্য তারিখ। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের মতো এই আসরটিও স্থগিত হয়ে যায় মার্চে।

প্রস্তাবিত সূচী অনুযায়ী, জুনের ২৭ এবং ২৮ তারিখে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে জুলাইয়ের ১৮ এবং ১৯ তারিখে। আর পহেলা আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

এফ এ প্রধান নির্বাহী মার্ক বালিংহাম বলেন, 'ইংল্যান্ডের ১৫০ বছরের ফুটবল ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ অংশ এই এফএ কাপ। আমরা প্রিমিয়ার লিগ কর্তাদেরকে ধন্যবাদ দিতে চাই, টুর্নামেন্ট আয়োজনে তাদের সহযোগিতার জন্য। এটা নিশ্চয়ই খুব কঠিন সময়। তবে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিতে পেরে আমরা সন্তুষ্ট। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য থাকবে।'

কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে নিউক্যাসেল ইউনাইটেডের। লিস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে, শেফিল্ড ইউনাইটেডের প্রতিপক্ষ আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ নরউইচ সিটি।

এদিকে সিদ্ধান্তহীনতায় ভুগছে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ উয়েফা। ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আবারো বিপাকে পড়েছে তারা। দর্শক বিহীন মাঠে ম্যাচ আয়োজন করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, এই দাবিতে ফাইনাল ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের ইস্তাম্বুল। ক্লাব ফুটবলের শীর্ষ আসরের ফাইনাল ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি এবং পর্তুগাল। তবে এখনো সিদ্ধান্তে পৌঁছুতে পারেনি উয়েফা।

ইত্তেফাক/এসআই