করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে ক্রিকেট নেই। এমন পরিস্থিতিতে ঘরবন্দি বা সমাজ সেবায় কেটে যাচ্ছে ক্রীড়াবিদদের সময়। তবে সবার থেকে ব্যতিক্রম অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে বা গানের সাথে তাল মিলিয়ে নেচে-গেয়ে ভক্তদের আনন্দ দিয়ে যাচ্ছেন তিনি। তবে তিনি শুধু একাই নয়, টিকটক ভিডিও করার জন্য নাকি ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও চাপ দিচ্ছেন তিনি।
ভারত অধিনায়ক মজা করে বলেন, টিকটক ভিডিও করার জন্য তাকে অতিষ্ঠ করে তুলেছেন ওয়ার্নার। ভারতের অফস্পিনার অশ্বিনের সাথে চ্যাটিংয়ের এক পর্যায়ে ওয়ার্নারের প্রসঙ্গ এলে বিরাট এমনটাই বলেন।
কোহলির ভাষ্যমতে, 'ও তো ( ওয়ার্নার) একেবারে আমার পিছনে পড়ে আছে। রীতিমতো জ্বালিয়ে মারছে। আমাকেও টিকটক ভিডিও করতে বলছে। এখনও জবাব দেইনি, তবে দেব।'
সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত একটি সিনেমার গানে নেচেছিলেন ওয়ার্নার। সেই ভিডিও দেখে কোহলি কমেন্টও করেন। এরপর ওয়ার্নার লিখেছেন, 'তুমি চলে এসো, ডুয়েট ভিডিও বানাব।'
ইত্তেফাক/এসআই
