ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ওই শিক্ষকের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
উপাচার্যের শোকবাণীতে বলা হয়, অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
এদিকে শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের পর প্রতিদিনই অনেক মূল্যবান প্রাণ অকালে ঝরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব প্রথিতযশা শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীসহ জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এমন পরিস্থিতিকে উদ্বেগজনক জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এই পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা এবং আক্রান্তদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ইত্তেফাক/কেকে
